
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ট্রাম্প এবার হুঁশিয়ারি দিয়েছেন যে, রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখলে ভারত ও চীনের মতো দেশগুলোর ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। ট্রাম্পের এই ঘোষণার ফলে ভারতের অর্থনীতি ও শেয়ার বাজারে বড়সড় ধাক্কা লাগার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
এদিকে যুক্তরাষ্ট্রের সিনেটে একটি বাণিজ্য বিল পেশ হয়েছে, যেখানে বলা হয়েছে, যেসব দেশ রাশিয়া থেকে পণ্য আমদানি করবে এবং ইউক্রেনকে সাহায্য করবে না, তাদের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প এই বিলকে অনুমোদন দিয়েছেন এবং জানিয়েছেন, অগস্ট মাসে এটি আনুষ্ঠানিকভাবে সিনেটে উত্থাপিত হবে। সিনেটের ৮৪ জন সদস্য ইতোমধ্যে বিলটির পক্ষে সমর্থন দিয়েছেন। এর মূল উদ্দেশ্য, রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে চাপের মুখে ফেলা এবং মিত্র দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করা।
রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এই সংবাদটি প্রথমে প্রকাশ্যে আনেন। এবিসি নিউজের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আপনি যদি রাশিয়া থেকে পণ্য কেনার পাশাপাশি ইউক্রেনকে সাহায্য না করেন, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা আপনার পণ্যের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ভারত ও চীন পুতিনের ৭০ শতাংশ তেল কেনে। যা রাশিয়ার যুদ্ধযন্ত্রকে সচল রেখেছে।
