ভারত সফর শেষে আফগানিস্তান হয়ে পাকিস্তানে পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তাকে নুর খান বিমান ঘাঁটিতে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
সফরের প্রথম দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওয়াং ই বলেন, এই সফর তার দেশের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যাবে। প্রতিবেশী এ দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের পাশাপাশি আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার ওপর জোর দিয়েছে উভয় দেশ।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তিন দিনের রাষ্ট্রীয় সফরে ওয়াং ই বুধবার পাকিস্তানে পৌঁছান। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরালো করতে পাকিস্তানের বিভিন্ন স্তরের কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন বেইজিংয়ের ওই কর্মকর্তা।
যৌথ সংবাদ সম্মেলনে ইসহাক দার বলেন, উভয় পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। যেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন মাত্রা গুরুত্ব পেয়েছে।
