
যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি, তেলভিত্তিক ভূরাজনৈতিক স্বার্থ, মাদকবিরোধী অভিযান এবং শাসনব্যবস্থা পরিবর্তন সংক্রান্ত অভিযোগ—সব মিলিয়ে ভেনেজুয়েলাকে কেন্দ্র করে ক্যারিবিয়ান অঞ্চলে নতুন সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে বলছে ‘নারকো–টেররিস্ট স্টেট’ বা মাদককারবারি রাষ্ট্র। সেইসঙ্গে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সামরিক বাহিনীকে শীর্ষ মাদককারবারি হিসেবেও চিহ্নিত করেছে।
সার্বিকভাবে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে অপরাধ মোকাবিলার চেয়েও বেশি মনে হচ্ছে রাজনৈতিক চাপের মতো। দ্য টাইমস জানিয়েছিল, কলম্বিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মাদকবিরোধী সহযোগিতাও এখন টানাপড়েনে। তাই এই ঘটনা পুরো অঞ্চলের ভূরাজনৈতিক ভারসাম্য পাল্টে দিচ্ছে।
ক্যারিবিয়ানে সামরিক তৎপরতা: অভিযান নাকি চাপের পূর্বাভাস
ক্যারিবিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নাটকীয়ভাবে বেড়েছে। ওয়াশিংটন দাবি করছে, তাদের ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ মাদকবিরোধী অভিযান।
ভক্স জানিয়েছে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্র এই অভিযানে ২০টির বেশি নৌযান ধ্বংস করেছে এবং এতে নিহত হয়েছে ৮০ জনেরও বেশি।
