
গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, রোববার (২০ এপ্রিল) ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকাজুড়ে আরও ২৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।
ইসরায়েল ১৮ মার্চ দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে উপকূলীয় অঞ্চলটিতে ১৫ মাসের যুদ্ধ পুনরায় শুরুর পর গাজায় আকাশপথ ও ভূমিতে আক্রমণ শুরু করেছে।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানান, আজ ভোর থেকে, দখলদারদের বিমান হামলায় ২০ জন নিহত হয়েছেন এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন, তাদের মধ্যে শিশু ও মহিলা রয়েছে।
পরে একটি আলাদা বিবৃতিতে এজেন্সি জানিয়েছে, পূর্ব রাফায় একটি বেসামরিকদের গ্রুপে ইসরাইলি ড্রোন হামলায় পাঁচ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত মাসে ইসরায়েল তাদের আক্রমণ পুনরায় শুরু করার পর গাজায় অন্তত ১,৮২৭ জন নিহত হয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজার যুদ্ধে মোট নিহতের সংখ্যা ৫১,২০১-এ পৌঁছেছে, যাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাাগরিক। এটি জাতিসংঘের জন্য নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত।
