মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম চালু করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। নতুন নিয়মে বলা হয়েছে, সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে অতিরিক্ত সময় মালয়েশিয়ায় অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানার বিধান কার্যকর করা হবে। এই পদক্ষেপে বিচার প্রক্রিয়া দ্রুত করা এবং অভিবাসন বিভাগের ভিড় কমানো সম্ভব হবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জোহরের সেকোলা কেবাংসান রামবং পুলাইতে ইমিগ্রেশন বিভাগের এক অনুষ্ঠানে সাংবাদিকদের বক্তব্য দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল। তিনি জানান, নতুন নিয়মের লক্ষ্য হলো অতিরিক্ত সময় অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং আদালতে মামলা নেওয়ার ঝামেলা এড়িয়ে চলা। তবে, যারা ৯০ দিনের বেশি সময় অবস্থান করবেন, তাদের বিরুদ্ধে তদন্ত চালানো হবে।
নতুন জরিমানার কাঠামো অনুযায়ী:
১. ১ থেকে ৩০ দিন অতিরিক্ত অবস্থান করলে প্রতিদিন ৩০ রিঙ্গিত জরিমানা, সর্বোচ্চ ৯০০ রিঙ্গিত পর্যন্ত।
৩. ৬১ থেকে ৯০ দিন অতিরিক্ত অবস্থান করলে ২,০০০ রিঙ্গিত জরিমানা।
৪. ৯০ দিনের বেশি অবস্থানের ক্ষেত্রে তদন্ত পত্র খোলা হবে।
মন্ত্রী জানান, এই নতুন পদক্ষেপে বিচারের সময়কাল ১৪ দিন থেকে কমে মাত্র এক দিনে নামিয়ে আনা সম্ভব হবে। এছাড়া, অভিবাসন ডিপোতে ভিড়ও কমানো সম্ভব হবে। তবে, দুর্ঘটনা, বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মতো যুক্তিসঙ্গত কারণে দেশে ফিরতে না পারা ব্যক্তিদের জন্য শিথিলতার সুযোগ রাখা হয়েছে।
ইমিগ্রেশন বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত ৩৫,২২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এই অভিযানে দেশব্যাপী ৯,৫০০টি অভিযান পরিচালনা করা হয়েছে, যেখানে ১,৫২,০০০ বিদেশিকে চেক করা হয়েছে। আটকদের মধ্যে ইন্দোনেশীয়, মিয়ানমার এবং বাংলাদেশিরা সংখ্যাগরিষ্ঠ। তাদের মধ্যে কেউ বৈধ কাগজপত্র ছাড়াই দেশে প্রবেশ করেছিলেন, কেউ মেয়াদোত্তীর্ণ অবস্থান করেছেন, আবার কেউ বৈধ পাসপোর্ট বা কাজের অনুমতির অপব্যবহার করেছেন। এছাড়া, ১,৩৯৫ জন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
২৮ আগস্ট পর্যন্ত ৩৬,৫৫৭ জন বিদেশিকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানোর প্রক্রিয়া আটকাদেশ, ফেরত পাঠানোর আদেশ এবং বিমানের টিকিট সংগ্রহের ১০ দিনের মধ্যে সম্পন্ন করা হয়েছে। মালয়েশিয়ার নতুন নিয়ম বিদেশীদের জন্য স্পষ্ট ও দ্রুত বিচার নিশ্চিত করবে এবং অভিবাসন ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি করবে।
