চীনের প্রেসিডেন্ট সি চিনপিং গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের সময় তাইওয়ানকে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু’ বলে উল্লেখ করেছেন। সি ট্রাম্পকে তাইওয়ানে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে ‘সংযত’ থাকার আহ্বান জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে তিনি অত্যন্ত গুরুত্ব দেন এবং আশা করেন, দুই দেশ পারস্পরিক মতপার্থক্য দূর করার পথ খুঁজে পাবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ট্রাম্প এই ফোনালাপকে ‘চমৎকার’ বলে আখ্যা দিয়ে বলেন, এটি ছিল ‘দীর্ঘ ও গভীর আলোচনা।’ ট্রাম্প আগামী এপ্রিলে চীন সফরে যাচ্ছেন। তিনি বলেন, এই সফরের জন্য তিনি ‘অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন’।
বুধবার ট্রাম্পকে সি চিনপিং বলেন, যেমন যুক্তরাষ্ট্রের নিজস্ব উদ্বেগ রয়েছে, তেমনি চীনেরও কিছু উদ্বেগ আছে। তিনি বলেন, যদি দুই পক্ষ সমতা, পারস্পরিক সম্মান এবং পারস্পরিক লাভের চেতনায় একই পথে কাজ করে, তাহলে একে অপরের উদ্বেগ মোকাবিলার পথ অবশ্যই খুঁজে পাওয়া সম্ভব।
ট্রাম্পের সঙ্গে ফোনালাপের কয়েক ঘণ্টা আগেই সি চিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। ওই বৈঠকে বেইজিং ও মস্কোর মধ্যে সম্পর্ক আরও জোরদার হওয়ার বিষয়টি দুই নেতা প্রশংসার সঙ্গে উল্লেখ করেন।
