
রাজধানীর মেট্রো স্টেশনে ব্যাপক তল্লাশি কার্যক্রম চলছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সব মেট্রো স্টেশনে জননিরাপত্তা নিশ্চিতে এই তল্লাশি কার্যক্রম শুরু হয়।
এদিন সকালে মেট্রোর ফার্মগেট স্টেশনে সরেজমিনে দেখা গেছে, জননিরাপত্তা নিশ্চিতে তল্লাশি কার্যক্রম পরিদর্শন করছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ। স্টেশনে যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে। সঙ্গে থাকা পানির বোতল ও গ্যাস লাইটার জব্দ করে রেখে দেওয়া হচ্ছে।
আজ রায়ের তারিখ ঘোষণা ও আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখসহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সক্রিয় রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে উদ্ভুত পরিস্থিতির কারণে এই কার্যক্রম শুরু হয়েছে।
