মালয়েশিয়ায় মেডিকেল নথি জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে কুয়ালালামপুরের জালান জেলাওয়াত ও জালান রাজাক মেনশনের দুটি বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন সরঞ্জামসহ তাদের গ্রেফতার করা হয়।
অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, গ্রেফতার হওয়া এই পাঁচ বাংলাদেশি বিদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার মেডিকেল মনিটরিং অ্যান্ড এক্সামিনেশন এজেন্সির (ফোমেমা) নকল কাগজপত্র তৈরি করত।
গ্রেফতার বাংলাদেশিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। শুধুমাত্র বয়স ১৯ থেকে ৪১ বছরের মধ্যে বলে জানানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর অভিবাসন বিভাগ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তিনজনের নির্মাণ খাতে কাজের জন্য অস্থায়ী ভিজিট পাস ও একজনের স্টুডেন্ট পাস ছিল। আরেকজনের কোনো বৈধ ভ্রমণ নথি ছিল না।
জাকারিয়া শাবান আরও বলেন, চক্রটি মূলত বিদেশি শ্রমিকরা যাতে সহজেই ফোমেমা তথা মেডিকেল পরীক্ষায় পার হতে পারেম সেজন্য তাদের পাসপোর্টে নিজেদের ছবি বসিয়ে নকল নথি তৈরি করতে সহায়তা করত। এক্ষেত্রে প্রতিটি নথির জন্য তারা ১৫০ থেকে ২৫০ রিংগিত পর্যন্ত চার্জ নিত। গত তিন মাস ধরে তারা এই কাজ করে আসছিল।
তিনি আরও জানান, তিন সপ্তাহের গোয়েন্দা পর্যবেক্ষণের পর মঙ্গলবার এই অভিযান চালানো হয়। অভিযানে ৮টি বাংলাদেশি পাসপোর্ট, ৪টি নকল পাসপোর্ট (১টি ভারতীয়, ৩টি বাংলাদেশি ও ৪টি ইন্দোনেশীয়), নথি তৈরির সরঞ্জাম, ১১টি মোবাইল ফোন, ২ হাজার ১০০ রিংগিত এবং একটি পেরোডুয়া আরুজ গাড়ি জব্দ করা হয়।
Please follow and like us:
