
ভালোবাসা দিবসে প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের দেড় সপ্তাহ পর ছবি প্রকাশ করলেন তিনি। আজ দুপুরে নিজের ফেসবুক পেজে পাঁচটি ছবি প্রকাশ করেছেন মেহজাবীন চৌধুরী। আবেগঘন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন তাঁদের প্রেমের গল্প।
২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে দেখা হয় মেহজাবীনের। ফেসবুকে ভক্ত-অনুসারীদের সেই গল্প জানিয়েছেন অভিনেত্রী।
মেহজাবীন লিখেছেন, ‘একটা ছেলে এসেছিল দেখা করতে; বাঁকা দাঁত, মিষ্টি হাসি। এক শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, সে রাস্তায় দাঁড়িয়ে হাত নেড়েছিল। মাত্র ১৫ মিনিট আমরা কথা বলি, এরপর সে চলে যায়; যাওয়ার সময় মনে হলো, আমার হৃদয়ের একটা অংশ যেন চলে গেল।’
নিজের ফেসবুক পোস্টে মেহজাবীন আরও লিখেছেন, ‘১৩ বছর পর, আমরা এখানে পৌঁছেছি। আমরা একসঙ্গে বেড়ে উঠেছি, সব সাফল্য একসঙ্গে উদ্যাপন করেছি, দুঃসময় পেরিয়ে এসেছি। সাত বছরের বন্ধুত্ব নাকি আজীবন স্থায়ী হয়; আমরা প্রায় দ্বিগুণ সময় পার করেছি। ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি আমাদের বন্ধন চিরস্থায়ী হয়েছে, শপথ করেছি হাত হাত রেখে চলব। আদনান আল রাজীব, জীবনের সেরা বন্ধু হিসেবে তোমাকে পছন্দ করেছি।’
জীবনের এই নতুন পথচলায় ভক্ত, অনুসারীদের কাছে দোয়া চেয়েছেন মেহজাবীন। পোস্টের সঙ্গে হ্যাশট্যাগে ৪৬৯৪ দিন লিখেছেন অভিনেত্রী। এটা দিয়ে তিনি হয়তো রাজীবের সঙ্গে সম্পর্কের সময় বুঝিয়েছেন।
