ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলমান মামলায় আইনি খরচ বহনের সুযোগ দিতে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। ফলে নিউইয়র্কে মাদক পাচারের অভিযোগে দায়ের হওয়া ফেডারেল মামলায় মাদুরোর প্রতিরক্ষার ব্যয় বহন করতে পারবে ভেনেজুয়েলা সরকার।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে মাদুরোর আইনজীবী ব্যারি পোল্যাক ম্যানহাটানের মার্কিন জেলা আদালতে বিচারক অ্যালভিন হেলারস্টেইনের কাছে মামলা খারিজের আবেদন করেন। তিনি যুক্তি দেন, নিষেধাজ্ঞার কারণে সরকারকে আইনি খরচ বহনে বাধা দেওয়া হলে মাদুরোর নিজের পছন্দের আইনজীবী পাওয়ার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়।
পরে মার্কিন বিচার বিভাগ আদালতে জানায়, তারা নিষেধাজ্ঞা সংশোধনে রাজি হয়েছে, যাতে ভেনেজুয়েলা সরকার প্রতিরক্ষা আইনজীবীদের পারিশ্রমিক দিতে পারে। এই পরিবর্তনের পর মামলাটি খারিজের আবেদনকে ‘অপ্রাসঙ্গিক’ বলে উল্লেখ করে তারা।
