ইরানের সঙ্গে একটি স্থায়ী চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত দেশটির বন্দরগুলোর ওপর আরোপিত নৌ-অবরোধ প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই ট্রাম্প এই কড়া অবস্থানের কথা জানালেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, এক সপ্তাহ আগে শুরু হওয়া এই নৌ-অবরোধ ইরানকে ‘পুরোপুরি ধ্বংস’ করে দিচ্ছে এবং যুক্তরাষ্ট্র এই সংঘাতে অনেক বড় ব্যবধানে জয়ী হচ্ছে।
বুধবার (২২ এপ্রিল) দুই দেশের মধ্যে চলমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাওয়ার মুহূর্তে ট্রাম্পের এই মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) তথ্য অনুযায়ী, নৌ-অবরোধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৭টি জাহাজকে ইরানি বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। এ ছাড়া গত রবিবার প্রথমবারের মতো একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী, যা নিয়ে তেহরান তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
