মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে বিশ্বের সবচেয়ে বড় রণতরী মোতায়েনের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটির বিরুদ্ধে বানোয়াট ‘যুদ্ধাবস্থা তৈরির’ অভিযোগ করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ শুক্রবার ভূমধ্যসাগরে থাকা জেরাল্ড আর ফোর্ড রণতরীকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন। এটি ৯০টি পর্যন্ত যুদ্ধবিমান বহন করতে পারে।
এনিয়ে মাদুরো দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমকে বলেছেন, তারা একটি নতুন চিরস্থায়ী যুদ্ধের বাহানা তৈরি করছে। তারা আর কখনো যুদ্ধে জড়াবে না অঙ্গীকার করেছিল এবং তারা এখন বানোয়াট যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রণতরী বা যুদ্ধজাহাজ, পারমাণবিক সাবমেরিন ও এফ-৩৫ যুদ্ধবিমান পাঠানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে।
দেশটি বলছে, তাদের অভিযানের লক্ষ্য মাদক পাচারকারীরা। পাচারকারীদের লক্ষ্য করে বিমান হামলার কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় ‘ছয় জন পুরুষ মাদক-সন্ত্রাসী নিহত’ হয়েছে। তিনি বলেছেন, যেই জাহাজে হামলা করা হয়েছে সেটি ত্রেন দে আরাগুয়া নামের একটি অপরাধমূলক সংগঠনের।
এ হামলার নিন্দা হচ্ছে ওই অঞ্চলে এবং বিশেষজ্ঞরা এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ট্রাম্প প্রশাসন বলেছে, তারা মাদক পাচারের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে। যদিও বিশেষজ্ঞ ও কংগ্রেসের কিছু সদস্য অভিযোগ করেছেন যে এই অভিযান মূলত মাদুরোর সরকারকে অস্থিতিশীল করার জন্য করা হচ্ছে।
মাদুরো দীর্ঘদিন ধরে ট্রাম্পের শত্রু এবং তাকে মাদক পাচারকারী সংগঠনের নেতা হিসেবে অভিযুক্ত করেছেন ট্রাম্প। মাদুরো তা প্রত্যাখ্যান করেছেন। চ্যাথাম হাউজের ল্যাটিন আমেরিকা বিষয়ক একজন সিনিয়র ফেলো ড. ক্রিস্টোফার সাবাতিনি বিবিসিকে বলেন, এটা হলো সরকার পরিবর্তন। তারা সম্ভবত আগ্রাসন করবে না, আশা করা হচ্ছে যে এটি একটি সতর্ক সংকেত।
যুক্তরাষ্ট্রে কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলীয় সদস্যরা এসব হামলার আইনগত বৈধতা ও প্রেসিডেন্টের কর্তৃত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গত ১০ সেপ্টেম্বর হোয়াইট হাউজকে চিঠি লিখেছেন ২৫ ডেমোক্র্যাট সিনেটর। তারা অভিযোগ করেছেন,যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে এমন প্রমাণ ছাড়াই একটি নৌযানে হামলা করা হয়েছে।
এদিকে কেন্টাকির রিপাবলিকান সিনেটর বলেছেন, এ ধরনের হামলার জন্য কংগ্রেসের অনুমোদন নিতে হয়। ট্রাম্প বলেছেন, এসব হামলার নির্দেশ দেয়ার আইনি কর্তৃত্ব তার আছে। ওদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যদি লোকজন মাদকের নৌকা উড়িয়ে দেয়া বন্ধ দেখতে চায় তা হলে যুক্তরাষ্ট্রে মাদক পাঠানো বন্ধ করুন। যুক্তরাষ্ট্রের এ ধরনের হামলায় এ পর্যন্ত ৪৩ জন মারা গেছে বলে পিট হেগসেথ শুক্রবার জানিয়েছেন।
সুত্রঃ বিবিসি
