
রাজধানীর মিরপুরে কলেজছাত্রের কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন ছিনতাইয়ের পরপরই ধাওয়া দিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে মিরপুর–২ নম্বরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে এ ঘটনা ঘটে।
এ সময় ছিনতাই হওয়া টাকা ও মুঠোফোন উদ্ধারের পাশাপাশি একটি চাকু ও মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাইফ আহমেদ (২৮) ও সিফাতুল হক (২৯)।
আজ শুক্রবার মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন প্রথম আলোকে বলেন, গতকাল রাত আটটার দিকে দুই ছিনতাইকারী মোটরসাইকেলে এসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে কলেজছাত্র রাতিম ইবনে রহমান (১৯) ও তাঁর বন্ধু নিলয় গোলদার শান্তর (২১) পথরোধ করেন।
ওসি সাজ্জাদ রোমন বলেন, কলেজছাত্র রাতিম দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছে। গ্রেপ্তার দুই ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
