
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে স্থানীয় প্রার্থীর দাবিতে বিএনপির এক পক্ষের নেতা-কর্মীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। আজ শনিবার বিকেলে পবা উপজেলার নওহাটা বাজারে বিক্ষোভ সমাবেশ শেষে তাঁরা রাজশাহী-নওগাঁ মহাসড়কের নওহাটা কলেজ মোড়ে শুয়ে পড়ে মহাসড়ক অবরোধ করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, রাজশাহীর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে স্থানীয় প্রার্থী দেওয়া হলেও রাজশাহী-৩ আসনে বহিরাগত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হককে। তিনি দীর্ঘদিন স্থানীয় রাজনীতি থেকে দূরে ছিলেন এবং রাজশাহী-২ (সদর) আসনের ভোটার। এ কারণে তাঁর প্রতি তৃণমূল নেতা–কর্মীদের অনাস্থা তৈরি হয়েছে বলে দাবি করেন তাঁরা।
সমাবেশে অংশ নেন পবা ও মোহনপুর উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা–কর্মীরা। বিক্ষোভকারীরা জানান, দলের দুঃসময়ে মাঠে ছিলেন স্থানীয় নেতা রায়হানুল আলম। মিছিলে, আন্দোলনে তৃণমূলের পাশে ছিলেন তিনি। তাঁকে বাদ দিয়ে বহিরাগতকে প্রার্থী করায় স্থানীয় নেতারা অপমানিত ও ভেঙে পড়েছেন। স্থানীয় প্রার্থীর দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে তাঁরা জানান।
