
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে তৃতীয় মেয়াদের জন্য শপথ নিয়েছেন শফিকুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে দলের সহকারী সেক্রেটারি ও অভ্যন্তরীণ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মাছুম তাকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে অঝোরে কাঁদতে দেখা যায় শফিকুর রহমানকে।
শপথের আগে এ টি এম মাছুম জানান, এবারের আমির নির্বাচনে মোট ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন নারী ও পুরুষ সদস্য ভোট দিয়েছেন।
শপথ নিয়ে শফিকুর রহমান বলেন, আমি নিজেকে এ দায়িত্বের জন্য মোটেও যোগ্য মনে করি না। এই মজলুম সংগঠনটিতে দীর্ঘ সময় ধরে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের হাতে যে মানুষ তৈরি হয়েছে তাদের মধ্যে আমার চেয়ে অনেক যোগ্যতাসম্পন্ন, দক্ষ ও অভিজ্ঞ সহকর্মী রয়েছেন। তারপরেও আমি জানি না কেন সম্মানিত সদস্যবৃন্দ কেন আমাকে তাদের এই আমানতের ভার দিয়েছেন। আমি নিজেকে এই দায়িত্বের জন্য মোটেও যোগ্য মনে করি না।
জামায়াত আমির বলেন, জেলখানা ছিল আমাদের প্রথম বাসস্থান। বারবার আমাদের আটকে রাখা হয়েছে। আমাদের বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ ছিল না। অভিযোগ একটাই যে, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতাম। কিন্তু সেই প্রতিবাদটাও আমরা স্বস্তির সঙ্গে করতে পারতাম না। আমাদের ওপর নানা অপশাসন, কালো আইন ও হুকুম চাপিয়ে দেওয়া হয়েছিল।
(KS)
