
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দ পেতে দুর্নীতির আশ্রয় নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত কর্মকর্তার জবানবন্দি গ্রহণ শেষ হয়েছে।
ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলম রোববার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার জবানবন্দি গ্রহণ করেন।
এরপর আসামি রাজউকের সাবেক সদস্য খুরশীদ আলমের পক্ষের আইনজীবী মো. শাহীনুর ইসলাম তদন্ত কর্মকর্তাকে জেরা করেন। তবে এদিন তাঁর জেরা শেষ না হওয়ায় আগামী মঙ্গলবার অবশিষ্ট জেরার জন্য দিন ধার্য করেন।
এদিন আসামিপক্ষের রি-কলের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার বাদী দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিনের জবানবন্দি শেষে খুরশীদের পক্ষে জেরা শেষ হয়েছে।
শুনানিকালে গ্রেপ্তার একমাত্র আসামি রাজউকের সদস্য খোরশেদ আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর উপস্থিতিতে এসব সাক্ষীদের জেরা করা হয়। অন্য আসামিরা পলাতক থাকায় জেরা করার সুযোগ পাচ্ছেন না।
দুদকের প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত এই মামলায় ৩২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন আদালত।
এর আগে প্লট দুর্নীতির মামলায় গত ৩১ জুলাই শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার পরিবারের বিরুদ্ধে পৃথক ৬ মামলায় দুই পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার দুই বিশেষ জজ আদালত। শেখ হাসিনা ও তাঁর ছেলে–মেয়ে ছাড়া তাঁর পরিবারের অন্য অভিযুক্ত সদস্যরা হলেন বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি)।
মামলার চার্জশিটে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করেন। তাঁরা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ৬টি প্লট তাঁদের বরাদ্দ দেওয়া হয়েছে।
