
শ্রীলঙ্কা সরকার তাদের অর্থনীতি পুনরুদ্ধারে পর্যটন খাতে নতুন করে গুরুত্ব দিতে বিশ্বের ৪০টি দেশের নাগরিকদের জন্য ভিসা ফি মওকুফ ঘোষণা করেছে। এতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ভারতসহ বিভিন্ন দেশের পর্যটকদের জন্য শ্রীলঙ্কা ভ্রমণ সহজতর হবে বলে আশা করা হচ্ছে।
ট্রাভেল অ্যান্ড লেইজার এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে শ্রীলঙ্কা সরকার এই সিদ্ধান্ত অনুমোদন করে। পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানিয়েছেন, এই পদক্ষেপের ফলে কিছু আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকলেও পর্যটক বেড়ে তা পূরণ হবে।
এর আগে ভারত, চীন, ইন্দোনেশিয়া, রাশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও জাপানের জন্য ২০২৩ সালের মার্চ থেকে ৩০ দিনের বিনামূল্যে পর্যটন ভিসার ব্যবস্থা ছিল। নতুন সিদ্ধান্তে এই তালিকায় যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, ইরান, পাকিস্তানসহ আরও বেশ কয়েকটি দেশ।
দক্ষিণ এশিয়ার বাইরের পর্যটকদের ভিসার জন্য এখন পর্যন্ত ৫০ থেকে ৬০ ডলার পর্যন্ত ফি দিতে হতো, যা নতুন নিয়মে আর প্রযোজ্য হবে না।
নতুনভাবে ফ্রি ভিসা সুবিধা দেয়া দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, কাজাখস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, চীন, ভারত, ইন্দোনেশিয়া, রাশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, জাপান, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, কানাডা, চেক প্রজাতন্ত্র, ইতালি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ইসরাইল, বেলারুশ, ইরান, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া, কাতার, ওমান, বাহরাইন, নিউজিল্যান্ড, কুয়েত, নরওয়ে ও তুরস্ক।
সুত্রঃ টাইমস অব ইন্ডিয়া
