দেশে ভোক্তা পর্যায়ে এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেটের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে সরকার। বাজারে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রুখতে মাঠ পর্যায়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি মজুতদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব তথ্য জানান।
মন্ত্রী জানান, এলপিজি’র নির্ধারিত দাম নিশ্চিত করতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের সকল পুলিশ সুপারদের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে।
