
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌ-পরিবহণ মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান ও তার ভাইদের বাড়িসহ ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতা ফারুক হোসেন ব্যাপারীর পদ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফারুক মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক পদে ছিলেন। এর আগে গত রোববার (২১ ডিসেম্বর) তাকে ৩ দিনের সময় দিয়ে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারীর প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
(KS)
