
চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর জেরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হাসপাতালটির কর্মচারীদের সঙ্গে রোগীর স্বজনদের মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সিলেট নগরের সোবহানীঘাট এলাকার ইবনে সিনা হাসপাতালে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা ও নাম-পরিচয় জানা যায়নি। রোগীর স্বজনদের দাবি, তাঁদের মধ্যে পাঁচজন আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ, রোগীর স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ৫ সেপ্টেম্বর সিলেট বিমানবন্দর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন গোলাপগঞ্জের তানিম আহমদ (২৪) নামের এক তরুণ। তাঁকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় তানিমের মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে চিকিৎসকদের অবহেলার অভিযোগ তোলেন স্বজনেরা।
সূত্রগুলো আরও জানায়, বিষয়টি নিয়ে গতকাল রাতে রোগীর স্বজনেরা উত্তেজিত হয়ে ওঠেন। হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে তাঁদের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হাসপাতালের কর্মচারীরা রোগীর স্বজনদের মারধর করে বাইরে বের করে দেন। পরে স্বজনেরা একত্র হয়ে হাসপাতালে হামলা ও ভাঙচুর করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এবং কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মারামারির ঘটনায় ওই রোগীর পাঁচ স্বজন আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসা নেন। ইবনে সিনা হাসপাতালেরও কয়েকজন আহত হয়ে নিজেদের প্রতিষ্ঠানেই চিকিৎসা নিয়েছেন। তবে হাসপাতালের কতজন আহত হয়েছেন, সেটি জানা যায়নি।
