
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বুকে পাথরচাপা দিয়ে ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করার সিন্ধান্ত মেনে নিয়েছিলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর বৃহস্পতিবার (২০ মার্চ) রাতের একটি ফেসবুক পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। এবার আজ শুক্রবার দুপুরে ‘বুকে পাথর চাপা দিয়ে মেনে নেওয়া সিদ্ধান্ত’ ক্যাপশন দিয়ে তার ভেরিফয়েড আইডি থেকে আসিফ মাহমুদের একটি ভিডিও শেয়ার করা হয়। ওই ভিডিওতে আসিফ সেনাপ্রধানকে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য জানান।
ভিডিওতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কি বলেছেন তা পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো-
আসিফ মাহমুদ বলেন, ‘সেনা প্রধানের দিক থেকে মূল ভেটো ছিল, ড. মুহাম্মদ ইউনূস কেন? কেন অন্য কোনো ব্যক্তি নয়? ড. মুহাম্মদ ইউনূসের নামে মামলা আছে। তিনি একজন কনভিক্টেড ব্যক্তি। একজন কনভিক্টেড ব্যক্তি কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন। আওয়ামী লীগ একজন লোককে একেবারেই দেখতে পারছে না। এছাড়া বাংলাদেশে ৩০-৪০ শতাংশ ব্যক্তি আওয়ামী লীগ সাপোর্ট করে। এই ৩০-৪০ শতাংশ ব্যক্তির বিরুদ্ধে গিয়ে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিলেন যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি।’
