
অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান মারা গেছেন। হ্যাকম্যানের সঙ্গে তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ।
গতকাল বিকেলে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সান্তা ফের বাড়িতে হ্যাকম্যান ও আরাকাওয়ার মৃতদেহ পাওয়া যায়। তবে তাঁদের মৃত্যুর কারণ জানা যায়নি। সান্তা ফের শেরিফ অ্যাডান মেনডোজা ভ্যারাইটিকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে ঘটনাস্থলে কোনো অপরাধের আলামত পাওয়া যায়নি। দুবারের অস্কারজয়ী অভিনেতা হ্যাকম্যানের বয়স হয়েছিল ৯৫। তাঁর স্ত্রী আরাকাওয়ার বয়স হয়েছিল ৬৩, তিনি সুপরিচিত ক্ল্যাসিক্যাল পিয়ানোবাদক ছিলেন। অনেক গণমাধ্যমে হ্যাকম্যান, আরাকাওয়ার সঙ্গে তাঁদের কুকুরের মৃত্যুর খবরও এসেছে।
স্থানীয় সংবাদপত্র সান্তা ফে নিউ মেক্সিকানকে শেরিফ বলেন, ‘আমরা একটা প্রাথমিক তদন্তের মাঝপথে আছি। এখন আমরা সার্চ ওয়ারেন্টের অপেক্ষায় আছি। তবে প্রতিবেশীদের এটা বলে আশ্বস্ত করতে চাই, এখানে কোনো বিপদের আশঙ্কা নেই।’
হ্যাকম্যানকে গত শতকের সেরা অভিনেতাদের একজন মনে করা হয়। রবার্ট ডি নিরো, আল পাচিনো, ডাস্টিন হফম্যানের সঙ্গে তিনি হলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকার একজন ছিলেন।
হ্যাকম্যান ১৯৩০ সালের ৩০ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার সান বার্নার্দিনো শহরে জন্মগ্রহণ করেন। নানা শহর ঘুরে তাঁদের পরিবার ইলিনয়ের ড্যানভিলে স্থায়ী হয়। হ্যাকম্যান ছোটবেলাতেই ঠিক করেছিলেন অভিনেতা হবেন। ১৯৫৬ সালে তিনি ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনা প্লেহাউসে যোগ দেন, সেখানেই তাঁর সঙ্গে দেখা হয় ডাস্টিন হফম্যানের। ক্যারিয়ারের শুরুর দিকে মঞ্চ আর টিভিতে প্রচুর কাজ করেন হ্যাকম্যান। তবে তখনো তিনি তারকা হয়ে ওঠেননি।
