
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর স্বাধীনতা পুরস্কার-২০২৫ পাচ্ছেন আটজন বিশিষ্ট ব্যক্তি। এর মধ্যে পপসম্রাট আজম খান আছেন বলে সরকারের উচ্চ পর্যায়ের সূত্র থেকে জানা গেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) এ খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আজম খানের স্বাধীনতা পদকপ্রাপ্তিতে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুর সরকারি কলোনিতে জন্মগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা ও পপসম্রাট আজম খান। তার পুরো নাম মাহবুবুল হক খান। আজম খান ১৯৫৫ সালে প্রথমে আজিমপুরের ঢাকেশ্বরী স্কুলে ভর্তি হন। ১৯৫৬ সাল থেকে তিনি পরিবারের সঙ্গে কমলাপুরে থাকা শুরু করেন এবং আমৃত্যু সেখানেই ছিলেন।
গানের পাশাপাশি ১৯৮৬ সালে ‘কালা বাউল’ নামে হিরামন সিরিজের নাটকে অভিনয় করেছিলেন আজম খান। ২০০৩ সালে শাহীন-সুমন পরিচালিত ‘গডফাদার’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন আজম খান। ২০১০ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১১ সালের ৫ জুন মারা যান আজম খান।
২০১৯ সালে আজম খানকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়। এবার তিনি পেতে যাচ্ছেন স্বাধীনতা পদক।
