পবিত্র ঈদুল আজহায় পশুর হাটে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসময় চাঁদাবাজির ঘটনা জানানোর জন্য ১৬৬১১৩ হটলাইন নাম্বারে ফোন দেওয়ার অনুরোধও জানান তিনি। মঙ্গলবার (১২ মে) আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে গণমাধ্যমে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ঈদুল আজহার আগের এবং পরের সাতদিন পুলিশ হেডকোয়ার্টারে মনিটরিং সেল করা হবে। এছাড়া কোরবানির সব পশুর হাটেই আনসার সদস্য মোতায়েন থাকবে। এবং পশুর হাটে সকল প্রকার চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হবে।
তিনি বলেন, ঈদুল আজহায় নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে মানুষের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্ক থাকার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি পশুর হাট হবে আর ১১টি হবে দক্ষিণ সিটি করপোরেশনে।
