যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নজরদারি ড্রোন এমকিউ–৪সি শুক্রবার (১০ এপ্রিল) হরমুজ প্রণালির আকাশে নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে এটি উড়ন্ত অবস্থায় জরুরি সতর্কবার্তা পাঠায়। ড্রোনটি বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে- এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। খবর এনডিটিভি’র।
প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি এলাকায় প্রায় তিন ঘণ্টা নজরদারি শেষ করে ইতালির নেভাল এয়ার স্টেশন সিগোনেলায় ফেরার পথে ছিল। ওই সময় এটি ‘কোড ৭৭০০’- সাধারণ জরুরি অবস্থার সংকেত- পাঠায় এবং ধীরে ধীরে উচ্চতা হারাতে শুরু করে। এ সময় ড্রোনটি ইরানের দিকেও সামান্য অগ্রসর হয়েছিল বলে জানা গেছে।
চালকবিহীন এই বিমান নিখোঁজ হওয়ার আগে দ্রুতগতিতে উচ্চতা হারাচ্ছিল বলে শনাক্ত করা হয়। এরপর থেকেই এর অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি।
