পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার প্রস্তাব নিয়ে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে নির্ধারিত ভোটাভুটি স্থগিত করা হয়েছে। চলতি মাসের সভাপতি বাহরাইন এ সিদ্ধান্ত নেয় বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম এপি’র প্রতিবেদনে বলা হয়েছে, ভেটো ক্ষমতাধর তিন দেশ-চীন, রাশিয়া এবং ফ্রান্স- প্রস্তাবটির বিরোধিতা করায় ভোট স্থগিত করা হয়। কূটনীতিকদের ধারণা, আগামী সপ্তাহে এ বিষয়ে ভোট হতে পারে।
বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দিয়ে প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলার পর প্রণালীটির নিয়ন্ত্রণ নেয় ইরান।
ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, প্রণালীটি এখন তাদের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি শত্রুদের জন্য বন্ধ থাকবে। এ অবস্থায় গত এক মাসে পারস্য উপসাগরে দুই হাজারের বেশি বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে, যার মধ্যে শতাধিক তেল ও গ্যাসবাহী ট্যাংকার রয়েছে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে।
