প্রায় দেড় দশক (১৫ বছর) বন্ধ থাকার পর কাশিওয়াজাকি-কারিওয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র চালু করছে জাপান। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ২০১১ সালে ভয়াবহ ভূমিকম্পের পর ফুকুশিমা বিপর্যয়ের পর থেকে বন্ধ ছিল। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ এখনও কাটেনি। খবর এএফপির।
বুধবার (২১ জানুয়ারি) বিদ্যুকেন্দ্রের পরিচালনাকারী সংস্থা টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানায়, নিগাতা প্রদেশে অবস্থিত পারমাণবিক কেন্দ্রটি পুনরায় চালুর সব প্রস্তুতি এগিয়ে নিচ্ছে এবং আজ সন্ধ্যা ৭টায় নিয়ন্ত্রণ রড সরিয়ে রিঅ্যাক্টর চালু করার পরিকল্পনা রয়েছে।
এদিকে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় চালুর প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয় অধিবাসীরা। মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকেই এই বিক্ষোভ শুরু হয়। কয়েক ডজন বিক্ষোভকারী তীব্র শীতের মধ্যেই বিদ্যুৎকেন্দ্রের প্রবেশপথের কাছে জড়ো হন।
২০১১ সালে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির ঘটনা ঘটে। এতে প্রায় ১৮ হাজার মানুষ প্রাণ হারান। এ ঘটনার পর ফুকুশিমার পারমাণবিক কেন্দ্রে তিনটি রিঅ্যাক্টর গলে যাওয়ার ঘটনায় জাপান যখন পারমাণবিক বিদ্যুৎ থেকে সরে আসে, তখনই এই কেন্দ্রটি বন্ধ করে দেয়া হয়।
