ঢাকাসহ দেশের ছয় অঞ্চলে রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, খুলনা ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
