
চট্টগ্রামের তিন বন্দর প্রকল্পে প্রায় ৩০০ কোটি ডলার বা ৩ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ হবে। বন্দর নির্মাণ ও যন্ত্রপাতি খাতে ধারাবাহিকভাবে এই বিনিয়োগ হবে। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের তিনটি প্রকল্প পরিদর্শন শেষে এই বিনিয়োগের কথা জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়ার চর, বে টার্মিনাল ও বন্দরের নিউমুরিং টার্মিনাল এলাকা পরিদর্শন করেন আশিক চৌধুরী। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
আশিক চৌধুরী বলেন, সরকারি–বেসরকারি অংশীদারত্বের আওতায় লালদিয়ার চরে নেদারল্যান্ডসভিত্তিক এপিএম টার্মিনালস কনটেইনার টার্মিনাল নির্মাণে ৬০ থেকে ৮০ কোটি ডলার বিনিয়োগ করবে। সাগর উপকূলে বে টার্মিনাল প্রকল্পে সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনাল এবং আমিরাতের ডিপি ওয়ার্ল্ড ১০০ কোটি ডলার বা ১ বিলিয়ন করে ২ বিলিয়ন ডলার ব্যয়ে দুটি টার্মিনাল নির্মাণ করবে। বন্দরে পুরোদমে চালু থাকা নিউমুরিং টার্মিনালেও বিদেশি বিনিয়োগের কথা জানান তিনি।
আশিক চৌধুরী বলেন, বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদনের অঞ্চল করতে হলে বন্দর–সুবিধা অনেক বাড়াতে হবে। বিদেশি বিনিয়োগ হলে বন্দরের দক্ষতা বাড়বে। এ জন্য দেশীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এ সময় বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, আগামী ২০৩১ সালে বে টার্মিনাল চালু হবে। এতে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে। আবার বে টার্মিনাল থেকে সরাসরি ইউরোপ–আমেরিকায় কনটেইনারবাহী জাহাজ চলাচল করতে পারবে। এখন সিঙ্গাপুর, কলম্বোর মতো বন্দরগুলোর মাধ্যমে কনটেইনার আনা–নেওয়া করতে হয়।
