
যুক্তরাষ্ট্র থেকে বিশ্বের অন্যান্য দেশের মতো আরও ৪২ অবৈধ বাংলাদেশীকে ফেরত পাঠানো হয়েছ। দেশটির অভিবাসন নীতির কঠোর প্রয়োগের ধারাবাহিকতায় রবিবার (৮ জুন) দেশটি থেকে একটি বিশেষ ফ্লাইটে (OAE-3331) এসব বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।
ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি অবৈধ নাগরিকদের শনাক্ত করে তাদের নিজ দেশে পাঠানো হচ্ছে ট্রাম্প প্রশাসনের নির্দেশনা অনুযায়ী। এই ধারা অনুযায়ীই সম্প্রতি ফেরত পাঠানো হলো আরও ৪২ বাংলাদেশিকে।
এদিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা এসব অভিবাসীদের মধ্যে ২৪ জনের সব ধরনের কাগজপত্র সঠিক থাকায় বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যেই তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হয় এবং তারা নিজ নিজ গন্তব্যে ফিরে যান। তবে বাকি ১৮ জনের প্রয়োজনীয় নথিপত্র না থাকায় তাদের বিষয়ে দূতাবাস ও ইমিগ্রেশন পুলিশের সঙ্গে আলোচনার পর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর রাত ১০টার পর তাদের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে বিমানবন্দর ত্যাগের অনুমতি দেওয়া হয়।
