
চলতি সপ্তাহে ব্যাপক বিমান হামলা চালানোর পর এবার গাজায় স্থল অভিযান বাড়ানোর কথা জানালো ইসরায়েলি বাহিনী। বুধবার (১৯ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজায় স্থল অভিযান শুরু করেছে। বিশেষ করে গাজায় একটি ভূখণ্ড দখল নিতে তারা এই অভিযানের ঘোষণা দিয়েছে বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে।
ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মধ্য গাজায় একটি বাফার জোনের দখল নিতে তারা স্থলসেনা পাঠিয়েছে। সেইসঙ্গে বিমানবাহিনীর আক্রমণ অব্যাহত রয়েছে।
এর আগে গত সোমবার পূর্ব গাজার জনসাধারণকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। তখনই বিশেষজ্ঞরা মনে করেছিলেন, গাজা স্ট্রিপে আবার স্থলসেনা পাঠাবে ইসরায়েল।
জার্মানসংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার থেকেই ইসরায়েলের স্থলসেনা সেখানে ঢুকতে শুরু করেছে। পরবর্তী সময়ে গতকাল বুধবার ইসরায়েল জানিয়েছে, মধ্য গাজার একটি বাফার জোনের দখল নিতেই সেখানে স্থলসেনা অভিযান চালাচ্ছে।
