
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি আহত হয়েছেন। রোববার (৪ মে) সন্ধ্যায় গাজীপুর চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। হামলার পর একদল দুর্বৃত্ত তার গাড়ির পেছনে দৌড়াতে থাকে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সমকালকে বলেন, ঢাকার দিকে আসার সময় গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় পেছন থেকে ১০-১২টা মোটরসাইকেল এসে হাসনাতের ওপর হামলা করে। এতে তিনি আহত হন। এখন হাসনাত ঢাকায় ফিরছেন।
“অভ্যুত্থানের মূল নেতৃত্বের উপর সন্ত্রাসীদের এরকম হামলা উদ্বেগজনক এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসীদের এখনো বিচারের আওতায় না আনায় এধরনের ঘটনা সংঘটিত হচ্ছে”, যোগ করেন তিনি।
ওই ঘটনার পর উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজেও এ নিয়ে পোস্ট করেন। তিনি লিখেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন। কমেন্টে লোকেশন দিচ্ছি”। এর কিছুক্ষণ পরে আরেকটি ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহর রক্তাক্ত হাতের ছবি ও গাড়ির ছবি পোস্ট করেন সারজিস আলম।
এদিকে এই হামলার ঘটনায় রাতে বিক্ষোভের ডাক দিয়েছে এনসিপি। ঢাকার বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ছাত্রদের এই রাজনৈতিক দলটি।
সুত্রঃ বিবিসি বাংলা
