
গত এপ্রিল মাসে দেশে এসেছে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স।
আজ রোববার (৪ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, এপ্রিলে দেশে এসেছে ২৭৫ কোটি ১৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত বছরের একই সময়ে এসেছিল ২০৪ কোটি ৪০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৪.৬০ শতাংশ।
এপ্রিলে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৮ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১৪ কোটি ৬৫ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬১ কোটি ১০ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ২৭ থেকে ৩০ এপ্রিল দেশে এসেছে ৪৮ কোটি ৯ লাখ মার্কিন ডলার। এপ্রিলের ২০ থেকে ২৬ তারিখ পর্যন্ত দেশের রেমিট্যান্স এসেছে ৫৫ কোটি ২৩ লাখ ২০ হাজার ডলার।
এছাড়া ১৩ থেকে ১৯ এপ্রিল প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৬ কোটি ৬৩ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স। ৬ থেকে ১২ এপ্রিল দেশে এসেছে ৯৩ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার। আর এপ্রিলের প্রথম ৫ দিনে দেশে এসেছিল ১১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ডলার।
এদিকে, গত মার্চে দেশে এসেছে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসে সর্বোচ্চ। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা।
Please follow and like us:
