
আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কীভাবে বিদেশ গেলেন, তা নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ক্ষেত্রে কারও কোনো গাফিলতি রয়েছে কি না, কারা কারা এর সাথে জড়িত, তা তদন্তের জন্য তিনজন উপদেষ্টার সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে বর্তমান সরকার। রোববার (১১ মে) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
তদন্ত কমিটির সভাপতি হিসাবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে নিয়োগ করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
উল্লেখ্য যে, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত বুধবার রাতে থাইল্যান্ডে যান। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সাবেক এ রাষ্ট্রপতি দেশ ছাড়েন। আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উয়িং থেকে আরো বলা হয়, এ কমিটি আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশ করবে। এই কমিটি প্রয়োজনীয় সকল দলিল পত্র, যন্ত্রপাতি, স্বাক্ষ্য-প্রমাণ চাইতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে সকল সংস্থা কমিটি প্রদত্ত নির্দেশাবলী পালন করবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে বাধ্য থাকবে। কমিটি ইচ্ছা করলে সদস্য কো-অপ্ট করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিটিকে সবধরনের সাচিবিক সহায়তা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।
