
দীর্ঘ প্রায় এক বছর ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার আবার নতুন করে চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন করে শ্রম বাজার চালু করতে বৈঠকে বসছে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
আজ বৃহস্পতিবার (১৫ মে) মালয়েশিয়ার পুত্রজায়া শহরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পক্ষ থেকে এই বৈঠকে অংশ নিতে মঙ্গলবার (১৩ মে) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল মালয়েশিয়ায় পৌঁছেছেন। এই প্রতিনিধিদলের অপর দুই সদস্য হলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্ল্যা ভূঁইয়া ও উপসচিব মো. সারওয়ার আলম।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, এই সফরে মূলত মালয়েশিয়া শ্রমবাজার চালু নিয়েই আলোচনা হবে। সেখানে অনুষ্ঠেয় বৈঠক থেকেই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। এরপর দুই দেশের গঠিত যৌথ কারিগরি কমিটির সভায় কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। যৌথ কারিগরি কমিটির সভায় এবার সব বৈধ এজেন্সির কর্মী পাঠানোর সুযোগ রাখার বিষয়ে প্রস্তাব দেওয়া হবে। যদিও দেশটিতে কর্মী পাঠাতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে এজেন্সি বাছাইয়ের দায়িত্ব মালয়েশিয়া সরকারের হাতে দেওয়া আছে। এ সমঝোতা স্মারকের মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত। তাই নতুন করে চুক্তি করার সুযোগ নেই। তবে বিদ্যমান সমঝোতা স্মারক কিছুটা সংশোধন করার জন্য প্রস্তাব দেবে বাংলাদেশ।
উল্লেখ্য যে, বাংলাদেশী কর্মীদের বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার হয়ে উঠেছিল মালয়েশিয়া। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই বন্ধ বাজার চালু করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নেয়। দুই দেশের মধ্যে যৌথ কারিগরি কমিটির সভা করতে কয়েক দফায় মালয়েশিয়াকে চিঠি পাঠানো হয় বাংলাদেশ থেকে। অবশেষে গত মাসে শ্রম বাজার নিয়ে বৈঠকের বিষয়ে সম্মতি দেয় মালয়েশিয়ার সরকার।
মালয়েশিয়া মুলত ১৪টি দেশ থেকে তাদের প্রয়োজনীয় কর্মী নিয়ে থাকে। তবে মালয়েশিয়ার সরকার ২০২৪ সালের শুরুতে বাংলাদেশসহ সবার জন্য শ্রমবাজার বন্ধ করে দেয়।
