
অবৈধ কার্যক্রমের মাধ্যমে ভুয়া ওয়ার্ক পারমিট তৈরি করার অভিযোগে মালয়েশিয়াতে একজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। ইমিগ্রেশন কর্মকর্তা বলেছেন, অভিযুক্ত ব্যক্তি কুয়ালালামপুরের একটি বাসায় বসে কম্পিউটার ব্যবহার করে অনথিভুক্ত প্রবাসীদের জন্য এই ভুয়া পারমিট তৈরি করতেন। তারা আরো জানান, গত ছয় মাস ধরে তিনি এই অবৈধ কাজের মাধ্যমে প্রায় ৫০ হাজার মালয় রিঙ্গিত উপার্জন করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকার সমান।
বুধবার (১৪ মে) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান এক বিবৃতিতে আটকাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে কুয়ালালামপুরের জালান তুন তান স্টিউ সিন এলাকায় অভিযান চালিয়ে ওই বাংলাদেশিকে আটক করা হয়। অভিযানের সময় তাকে একটি কম্পিউটার ব্যবহার করে ভুয়া ওয়ার্ক পারমিট তৈরি করতে দেখা যায় বলেও তিনি জানান। অভিযানের সময় তার পরিচয় প্রকাশ করা হয়নি। শুধুমাত্র বয়স ৩০ বছর বলে জানানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর অভিবাসন বিভাগ জানায়, আটক বাংলাদেশি প্রতিটি জাল ওয়ার্ক পারমিটের জন্য জনপ্রতি ৫০ রিঙ্গিত করে নিতেন। তিনি নিজেই নথি তৈরি করতেন ও ছাপাতেন।
