
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের ম্যাচে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। গত বুধবার দ্বিতীয় চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন বাংলাদেশি ক্রিকেটার রিপন মন্ডলের হেলমেট ধরে টানাটানি করেন দক্ষিণ আফ্রিকার ইনোসেন্ট এনতুলি। এই ঘটনায় দুই দলের তিন ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়েছে।
শাস্তি থেকে রেহাই পাননি বাংলাদেশের পেসার রিপন মন্ডল। তিন ক্রিকেটারকে শাস্তি দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি সেলিম শাহেদ। তিনি বলেন, ‘(রিপনের হেলমেট টানা) ইনোসেন্ট এনতুলিকে চারটি সাসপেনশন পয়েন্ট দিয়েছি। তার আরেক সতীর্থ ক্রিকেটার মিকায়েল প্রিন্সকে দেওয়া হয়েছে এক পয়েন্ট। এ ছাড়া বাজে শব্দ ব্যবহারের কারণে রিপন মন্ডলকে দুটি পয়েন্ট দেওয়া হয়েছে।’
তবে এটাই চূড়ান্ত শাস্তি নয়। নিষেধাজ্ঞা কিংবা আর্থিক জরিমানাসহ আরও শাস্তি আসতে পারে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার নিজস্ব ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এ প্রসঙ্গে সেলিম শাহেদ বলেন, ‘আমরা সাসপেনশন পয়েন্ট দিয়ে দিয়েছি, এখন পয়েন্ট অনুযায়ী দুই বোর্ড যে সিদ্ধান্ত নেয় আরকি। তারা কয় ম্যাচ ফাইন করবে, তা ওয়ানডে-টেস্ট নাকি টি-টোয়েন্টিতে মানা হবে সেটা তাদের ব্যাপার। দুই দেশের ক্রিকেট বোর্ডের কাছে আমরা প্রমাণও পাঠিয়েছি।’

