
অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন। মঙ্গলবার (১০ জুন) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫ মিনিটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছেন সেখানকার বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।
প্রধান উপদেষ্টা এই সফরে প্রধান উপদেষ্টা বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি যুক্তরাজ্যের নীতিগবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন।
এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানায়, প্রধান উপদেষ্টার এ সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এর পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে প্রাধান্য দেবে বাংলাদেশ।
প্রধান উপদেষ্টা আগামী ১৪ জুন দেশে ফেরার কথা রয়েছে।
