
পবিত্র হজ্জ করতে গিয়ে সৌদি আরবে আটকে পড়া ইরানি হাজিদের সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। ইরানের ওপর ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে এমন নির্দেশ দিয়েছেন তিনি। যতদিন পর্যন্ত ইরানি হাজিরা নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারছেন, ততদিন এ সহায়তা দেওয়ার নির্দেশ জারি করেছেন সৌদি বাদশাহ।
এদিকে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানে ইসরায়েলের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণহানি ও আকাশপথ বন্ধ থাকার বিষয়টি জানতে পেরেছেন বাদশাহ। শুক্রবার (১৩ জুন) তিনি আটকে পড়া হাজিদের ব্যাপারে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।
সৌদি প্রেস এজেন্সির মতে, ইরানি হজযাত্রীদের সহায়তার পরিকল্পনা বাদশাহ সালমানের সামনে উপস্থাপন করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপর বাদশাহ নির্দেশ দেন, হাজিদের জন্য যা যা প্রয়োজন তা যেন সরবরাহ করা হয়।
উল্লেখ্য যে, ইরানের উপর ইজরায়েলের হামলার পর থেকে আন্তর্জাতিক অঙ্গণে ইরানের সমর্থন বাড়ছে। সৌদি আরব, তুরস্কসহ মুসলিম বিশ্বের পাশাপাশি এবার ইরানের পাশে দাঁড়িয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। দেশটির প্রেসিডেন্ট ইরানের ওপর ইসরায়েলের আক্রমণকে ‘নব্য-নাৎসি ইহুদিবাদ’ বলে তীব্র নিন্দা করেছেন এবং ইরানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
