
ইরান ও ইসরায়েলের সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় তিনি ট্রাম্পের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। শুক্রবার (১৩ জুন) এই ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
এই দুই নেতার ফোনালাপে ইসরায়েলের সামরিক অভিযান ও তার জবাবে ইরানের প্রতিক্রিয়া ঘিরে উদ্ভূত সংকটময় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা সংকট নিরসনে সর্বোচ্চ সংযম দেখানোর ওপর জোর দেন এবং কূটনৈতিক পথে সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অন্য দিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে ইসরাইল ও ইরানকে অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। সম্প্রতি ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনায় ‘প্রথমে আঘাত হানা’ নীতির অংশ হিসেবে একটি সামরিক অভিযান চালায়। এর জবাবে তেহরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার লক্ষ্য ছিল ইসরাইলি সামরিক ঘাঁটি।
ইরান- ইজরায়েল সংঘাত নিয়ে আঞ্চলিক বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক এই টানাপোড়েন কেবল এই দুই দেশই নয়, গোটা মধ্যপ্রাচ্যকেই নতুন করে অস্থিরতার মুখে ঠেলে দিতে পারে। এমন অবস্থায় বড় আকারের সংঘর্ষ এড়াতে আঞ্চলিক শক্তিগুলোর সক্রিয় কূটনৈতিক ভূমিকা প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের।
