
সরকার কোনোভাবেই মব জাস্টিস কে সমর্থন করে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ওপর যা ঘটেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই ওনার ওপর হামলা হয়েছে। এ জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত করে দেখা হবে কারা এর সঙ্গে জড়িত। যদি কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য জড়িত থাকে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘যদি কোনো অপরাধী থাকে, তাহলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করবেন। বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কোনো অবস্থাতেই হাতে আইন তুলে নেওয়া যাবে না।’
