
মার্কিন বৈদেশিক সহায়তা সংস্থা ইউএসএআইডির ভবিষ্যৎ অনুদান সুনির্দিষ্ট ও সীমিত হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রুবিও বলেন, মঙ্গলবার (১ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে সংস্থাটির অনুদান প্রদান বন্ধ করা হবে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, যে-সব দেশ নিজেদেরকেই সহায়তা করার সদিচ্ছা ও সক্ষমতা দেখিয়েছে, আমরা তাদের পাশে থাকব। আমরা সেসব খাতেই বরাদ্দ দেব, যা তাদের নিজেদের কার্যক্রমকে ত্বরান্বিত করবে এবং বেসরকারি খাতে মার্কিন প্রতিষ্ঠানসহ বৈশ্বিক বিনিয়োগ বৃদ্ধি করবে।
রুবিও আরও বলেন, ইউএসএআইডি এখন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি ‘দানভিত্তিক মডেল’ থেকে সরে গিয়ে এমন কৌশল গ্রহণ করছে যা দেশগুলোকে টেকসইভাবে বিকাশ লাভে সহায়তা করবে।
এদিকে নতুন কাঠামোতে সহায়তার চেয়ে বাণিজ্য বেশি গুরুত্ব পাবে এবং বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরপরই বৈশ্বিক অনুদানের কোটি কোটি ডলারের তহবিল প্রথমে স্থগিত করে পরে একবারে বাতিল করে দেয়। প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রের স্বার্থকে সর্বাগ্রে রেখে করদাতাদের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
