
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের (ফেডারেল রিজার্ভ) প্রধান জেরোম পাওয়েলকে অবিলম্বে পদত্যাগ করতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, বেশ দেরি হয়ে গেছে। তার (জেরোম) এখনই পদত্যাগ করা উচিত।
প্রেসিডেন্ট ট্রাম্প এক পোস্টে তিনি একটি সংবাদ প্রতিবেদনের লিংকও শেয়ার করেন যেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের একটি আবাসন নিয়ন্ত্রক সংস্থা দাবি করেছে পাওয়েলের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, কারণ তিনি ফেডারেল রিজার্ভের ওয়াশিংটন সদরদপ্তরের সংস্কার কাজ নিয়ে ভুল তথ্য দিয়েছেন।
এদিকে বছরের শুরুর দিকে ট্রাম্প বলেছিলেন, পাওয়েলকে বরখাস্ত করার ইচ্ছা তাঁর নেই। কিন্তু বরখাস্ত করার ইচ্ছা না থাকার কথা জানালেও পাওয়েলের সমালোচনা থামাননি তিনি।
ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে জেরোম পাওয়েলকে এই পদে নিয়োগ দিয়েছিলেন। তবে পরে তিনি পাওয়েলের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে বারবার সমালোচনা করেন, কারণ পাওয়েল সুদের হার কমাননি। তবে পাওয়েলকে সরানোর ক্ষমতা প্রেসিডেন্টের আদৌ আছে কি না এটা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না।
