
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের এক ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দুই সরকার প্রধানের এই প্রথম বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সাবেক প্রধান শেখ হাসিনাকে প্রত্যর্পণ এবং বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় আলোচনা করা হয়।
শুক্রবার (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ও ভারত এই দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে।
প্রেস সচিব বলেন, শেখ হাসিনার দেশে প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি বিভিন্ন ইস্যুতে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় এই বৈঠকে তুলে ধরা হয়েছে। এছাড়াও সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বন্টনসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
দুই সরকার প্রধানের আলোচনায় শেখ হাসিনার দেশে প্রত্যর্পণ বা বাংলাদেশ অন্যান্য যেসব বিষয় তুলে ধরেছে সেসব বিষয়ে ভারত সরকার কী ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি বলে জানিয়েছেন প্রেস সচিব।
