
চলতি বছর হজযাত্রীদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু করতে যাচ্ছে সরকার। একইসঙ্গে চালু হচ্ছে হজ প্রি-পেইড কার্ড ও আন্তর্জাতিক রোমিং সুবিধা। হজ যাত্রাকে আরও সহজ ও নির্বিঘ্ন করতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বাসভবন ‘যমুনা’য় আনুষ্ঠানিকভাবে এসব সেবার উদ্বোধন করবেন। ধর্ম মন্ত্রণালয়ের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বাসভবন ‘যমুনা’য় আনুষ্ঠানিকভাবে এসব সেবার উদ্বোধন করবেন। ধর্ম মন্ত্রণালয়ের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
‘লাব্বাইক’ অ্যাপের কার্যকারিতা
অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। নিবন্ধনের সময় ওটিপি যাচাইয়ের পর চার ডিজিটের পিন সেট করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন হবে হজযাত্রীর মোবাইল নম্বর, পিআইডি (পিলগ্রিম আইডি) এবং জন্মতারিখ। একজন হজযাত্রী তার পরিবারের সর্বোচ্চ তিনজন সদস্যকে অ্যাপে যুক্ত করতে পারবেন।
পরিবারের সদস্যরা মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে হজযাত্রীর আপডেট তথ্য জানতে পারবেন। গেস্ট ইউজার হিসেবেও রেজিস্ট্রেশন করা যাবে, যা অ্যাপটিকে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে।
অ্যাপের গুরুত্বপূর্ণ সুবিধাসমূহ
হজযাত্রী হারিয়ে গেলে, অসুস্থ হলে কিংবা বিপদে পড়লে এসওএস বাটনে ক্লিক করে দ্রুত সহায়তা পেতে পারবেন। এছাড়া অ্যাপ থেকে নামাজের সময়সূচি, আবহাওয়ার পূর্বাভাস, ফ্লাইটের বিস্তারিত তথ্য, লাগেজের তথ্য, আবাসন সংক্রান্ত তথ্য, এবং গুগল ম্যাপের মাধ্যমে দলের সদস্যদের লোকেশন ট্র্যাক করার সুবিধা থাকবে।
দৈনিক হজ সিডিউল, হোটেলের বিবরণ, মিনায় তাবুর অবস্থান, প্রিপেইড কার্ডের ব্যালেন্স, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য, হজ এজেন্সির রেটিং ও রিভিউ, কোরবানি কুপন সংগ্রহ কেন্দ্রের তালিকা, কুরআন ও হাদিস লাইব্রেরি, কিবলা নির্দেশনা, ডিজিটাল তাসবিহ ইত্যাদি তথ্যও অ্যাপে অন্তর্ভুক্ত থাকবে।
ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে হজ ব্যবস্থাপনায় নতুন মাত্রা যুক্ত হবে।
