থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের এক ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দুই সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি আধা ঘণ্টারও বেশি সময় চলে। জুলাই আগস্টের ছাত্র জনতার গনআন্দোলনের পর বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এই দুই সরকার প্রধানের মধ্যে এটাই প্রথম বৈঠক।
গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংককে বিমসটেক শীর্ষ নেতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে একই টেবিলে বসেন এই দুই নেতা। সেখানে তারা কুশল বিনিময় করেন। এই অনুষ্ঠানটি আয়োজন করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ২০১৫ সালে মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের একটি স্মরণীয় মুহূর্তের আলোকচিত্র উপহার দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করেছিলেন ড. মুহাম্মদ ইউনুস। আজকের উপহার হিসেবে প্রধান উপদেষ্টা সেই ছবিটিই তুলে দেন ভারতের প্রধানমন্ত্রীর হাতে।
এর আগে ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবারের শীর্ষ সম্মেলনে বাংলাদেশ পরবর্তী সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করবেন।

