
ইরানের হামলার পর থেকে পাল্টা হামলা চালিয়েছে ইজ়রায়েলও। এখনও পর্যন্ত ইজ়রায়েলি হানায় ইরানে ৭৮ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩০০-রও বেশি মানুষ।
ইরানে ইজ়রায়েলি হানার ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাঘাত তেহরানের। এ বার সরাসরি তেল আভিভে অবস্থিত ইজ়রায়েলি সেনার সদর দফতরে হামলা চালিয়েছে ইরান। শুক্রবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেল আভিভের দক্ষিণে। ইজ়রায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘লৌহঢাল’ও সেই আক্রমণ প্রতিহত করতে পারেনি।
শুক্রবার (১৩ জুন) গভীর রাতে ইজ়রায়েলের তেল আভিভে অবস্থিত ইজ়রায়েলি সেনা আইডিএফ-এর সদর দফতরে ইরানের ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে। ইজ়রায়েলি বিমান হামলার ২৪ ঘন্টার মধ্যে এই হামলাকে ইরানের ‘প্রতিশোধমূলক পদক্ষেপ’ বলেই দেখছে বিশ্ব। ওই হামলার নানা ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, তেল আভিভের ঠিক মাঝে আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। ওই এলাকাতেই রয়েছে ইজ়রায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর। এ ছাড়া, আরও নানা গুরুত্বপূর্ণ সামরিক দফতরও রয়েছে সেখানে। ১৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে ইজ়রায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’। কিন্তু লৌহগম্বুজ ভেঙে আইডিএফ-এর সদর দফতরে আঘাত করছে ক্ষেপণাস্ত্রটি। সঙ্গে সঙ্গে আলোর ঝলকানি এবং বিকট শব্দ দিয়ে শেষ হচ্ছে ভিডিওটি।
সুত্রঃ আনন্দবাজার.কম
