
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্য ভাষনে বলেছেন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এই ঘোষনার পর দলটি বলেছে, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে যদি জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র ও সংস্কার বাস্তবায়নের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, তাহলে ঘোষিত এই সময়ে নির্বাচনের বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই।
শুক্রবার (৬ জুন) প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে এ প্রতিক্রিয়া জানান এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
উল্লেখ্য যে, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল এনসিপি শুরু থেকেই জাতীয় নির্বাচনের পাশাপাশি গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তাদের রাজনৈতিক এজেন্ডায় রয়েছে স্থানীয় সরকার নির্বাচন আগে সম্পন্ন করার প্রস্তাব, পাশাপাশি নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি। জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারকেই তারা নিজেদের প্রধান রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে তুলে ধরছে। আগে সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার জন্য ও এনসিপি দাবি জানিয়ে আসছিল।
