প্রধানমন্ত্রী থেকে পদত্যাগের মাত্র চার দিন পরই সেবাস্তিয়ান লেকর্নুকে আবারও ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
২৭ দিন দায়িত্বে থাকার পর সোমবার (৬ অক্টোবর) ৩৯ বছর বয়সী লেকর্নুর পদত্যাগপত্র গ্রহণ করা হয়। শুক্রবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে ম্যাক্রোঁর দপ্তর জানিয়েছে, লেকর্নুকে এখন নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
এই পুনর্নিয়োগকে ফ্রান্সের রাজনৈতিক অচলাবস্থা নিরসনের জন্য এক চমকপ্রদ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গত কয়েক দিন ধরে প্রেসিডেন্ট ও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা আলোচনা চলছিল সমাধান খুঁজে বের করতে।
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে লেকর্নু লেখেন, ‘রাষ্ট্রপতি যে দায়িত্ব আমার ওপর অর্পণ করেছেন, তা আমি কর্তব্যবোধ থেকে গ্রহণ করছি। বছরের শেষ নাগাদ ফ্রান্সের জন্য একটি বাজেট পাস করা এবং নাগরিকদের দৈনন্দিন সমস্যার সমাধানে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’
