
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি-আমেরিকা বিনিয়োগ ফোরামে সৌদি আরবকে ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ’ বলে অভিহিত করেছেন। মঙ্গলবার (১৩ মে) রিয়াদে আয়োজিত এই উচ্চপর্যায়ের ফোরামে দেওয়া বক্তব্যে তিনি দেশটির অর্থনৈতিক উন্নয়ন এবং বৈশ্বিক নেতৃত্ব দেশটির ক্রমবর্ধমান প্রভাবের ভূয়সী প্রশংসা করেন।
মার্কিন প্রেসিডেন্ট সৌদি নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ, রিয়াদ একটি বৈশ্বিক বাণিজ্য কেন্দ্র এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখান থেকেই শুরু বলেও তিনি তার ভাষনে উল্লেখ করেন।
ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ‘দিন-রাত পরিশ্রমী নেতা’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘তিনি এতটাই পরিশ্রম করেন- আমার মনে হয়, তিনি রাতে ঘুমান না।’ একইসঙ্গে তিনি সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে যে ‘গভীর ও যুগান্তকারী পরিবর্তন’ এসেছে, সেটাও উল্লেখ করেন।
রাশিয়া- ইউক্রেন ইস্যুতে আলোচনার পথ উন্মুক্ত করতে ‘গঠনমূলক ভূমিকা রাখার’ জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট । একইসঙ্গে সৌদির নেতৃত্বে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কূটনীতিক ভুমিকা রাখার জন্য সৌদির প্রসংশা করেন। ডোনাল্ড ট্রাম্প ইরান প্রসঙ্গে বলেন, ‘আমি ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই, যাতে তিনি বিশ্বকে আরও নিরাপদ রাখতে পারেন।
অন্য একটি গুরুত্বপূর্ণ নীতিগত ঘোষণায় ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন। এ বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনার পরই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
